ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে মহেশপুর বিজিবির খোশালপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৯৮ আর গেইটে এ ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নজরে এলে প্রতিহত করেন বিজিবির সদস্যরা। বর্তমানে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ভারতের সীমানার কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন।
তিনি আরও জানান, বিষয়টি বিএসএফের রামনগর ক্যাম্পকে জানানো হয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে টহল দিচ্ছে।
