ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলার এক আসামি পালিয়ে গেছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল ময়লার বাগার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পলাতক আসামির নাম রাজা ওরফে পিচ্চি রাজা (৩০)।
পুলিশ ও কারা সূত্র জানায়, রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে মামলার শুনানি ও বিচারিক কার্যক্রমে অংশ নিতে ঢাকার আদালতে নেওয়া হয়। বিকেলে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ‘ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একজন বন্দী পালিয়ে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই বন্দী টয়লেট ব্যবহারের জন্য চিৎকার করছিলেন। তাকে টয়লেট ব্যবহারের জন্য গাড়ি থেকে নামানো হলে তিনি পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘রাজা ওরফে পিচ্চি রাজা বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দী ছিলেন।’
