নিখোঁজদের সন্ধানে দেশজুড়ে ৭০০ টিভি স্ক্রিনে প্রচার হবে তথ্য

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়ালটন প্লাজা ও নিখোঁজদের তথ্যভিত্তিক সতর্কতা প্ল্যাটফর্ম মুন (এমইউএন) অ্যালার্ট।

এই উদ্যোগের আওতায় দেশের সাতশটির বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য প্রচার করা হবে।

‘মিসিং পারসন্স ব্রডকাস্ট’ নামে এই উদ্যোগ চালু করতে গত ২৮ সেপ্টেম্বর একটি চুক্তি করেছে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের পরিচালনাকারী প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশন।

চুক্তিতে সই করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং জিরো মিসিং ফাউন্ডেশনের সভাপতি সাদাত রহমান।

সাদাত রহমান বলেন, ‘যাচাই করা তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা তত বাড়বে।’

তিনি আরও বলেন, ‘যেসব স্থানে মুন অ্যালার্টের পক্ষে সরাসরি পৌঁছানো কঠিন, ওয়ালটন প্লাজা তার নেটওয়ার্কের মাধ্যমে সেসব স্থানে নিখোঁজদের তথ্য পৌঁছে দিতে পারবে।’

এই উদ্যোগের আওতায় মানুষ তাদের কাছের ওয়ালটন প্লাজায় গিয়ে নিখোঁজ ব্যক্তিদের সর্বশেষ তথ্য দেখতে পারবেন।

কেউ নিখোঁজ হলে তা জানানো বা আগে থেকে নিখোঁজ—এমন ব্যক্তির তথ্য জানতে মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ এবং ওয়েব পোর্টাল ব্যবহার করা যাবে।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মুন অ্যালার্টের সঙ্গে হাত মিলিয়েছি।’

ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোবায়েদ আহমেদ বলেন, ‘প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ওয়ালটন প্লাজার বিভিন্ন আউটলেটে আসেন। ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সতর্কবার্তার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।’

Related Articles

Latest Posts