রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত বছরের জুলাইয়ে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্ট থেকে দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন ছয় মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ স্থগিতাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে আবেদনটি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে একদল ব্যক্তি ৩৯ বছর বয়সী সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে এবং বারবার পাথর দিয়ে আঘাত করে হত্যা করে।
হাসপাতালের সামনে প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পরদিন নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
গত ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামি মাহমুদুলের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে এ মামলায় তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি রুল জারি করেন আদালত।
হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে সম্প্রতি আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
