বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডিম পাহাড়-তিন্দু মুখ সড়কের আলীকদম অংশের ২১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

হতাহতদের সবাই কক্সবাজারের খুটাখালী এলাকার বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও বিজিবির বরাতে পুলিশ জানায়, পর্যটকবাহী গাড়িটি ডিম পাহাড় থেকে তিন্দু মুখ নদীর ঘাটের দিকে যাচ্ছিল। পথে তিন্দু মুখ নদী চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং আহত হন আরও পাঁচজন।

ওসি কানন সরকার জানান, খবর পেয়ে ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তিন্দু বাজার নদী চেকপোস্টের বিজিবি ও থানচি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মরদেহগুলো থানচি থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সেগুলো বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

ওসি বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Latest Posts