সৌদি আরামকোতে হুতি হামলায় বাংলাদেশি নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজীব হোসেন (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিহত সজীবের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার আল খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় হামলায় সজীব নিহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখপ্রকাশ করছে। একইসঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজীবের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিচ্ছে। তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।
 

Related Articles

Latest Posts