আর্জেন্টিনার হয়ে দীর্ঘ দুই দশকের ঘটনাবহুল, সাফল্য ঘেরা ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। কিংবদন্তি এই ফুটবলারের বিদায়ে তার প্রতি ভালোবাসা জানাচ্ছেন সাবেক ফুটবল তারকারা। মেসির এক সময়ের দুই ক্লাব সতীর্থ ব্রজিলের রোনালদিনহো ও নেইমার মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর তার ক্যারিয়ারের শুরু থেকেই অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন। দেশের হয়ে বেনিনের বিরুদ্ধে এস্তাদিও মনুমেন্তালের গর্জনমুখর দর্শকদের সামনে শেষবারের মতো যখন তিনি মাঠে নামেন, সেই আবহ ও আবেগ ছিল অতুলনীয়।
মেসির এই বিদায়লগ্নে ক্রীড়া, পোশাক ও বিনোদন জগতের একাধিক শীর্ষ তারকা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনায় মেসির সতীর্থ হিসেবে খেলা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে লেখেন, ‘তুমি আমাদের এতটা হাসিয়েছ এবং ফুটবলকে এতটা উপভোগ করতে শিখিয়েছ! তোমার নাম লেখা রয়েছে তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে… শৈশবের স্বপ্ন পূরণ করে, পুরো দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যে আনন্দ—তা একমাত্র আমরাই জানি! তুমি তোমার জাতীয় দল ও দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ… আমি তোমাকে পুরোপুরি বুঝি এবং জানি যে পরিবারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো মানুষকে নতুন করে ভাবতে শেখায়… জীবনটা উপভোগ করো, ভাই। তোমার জন্য আজ ও সারাজীবন শুভকামনা রইল।’
একই রকম অনুভূতি প্রকাশ করেছেন নেইমারও। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবল বিশ্বের তরফ থেকে মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য তুমি যা কিছু করেছ, তার জন্য পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায়। আমাকে ফুটবলকে আরও বেশি করে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিরুদ্ধে খেলাটা যেমন সম্মানের ছিল, তোমার সঙ্গে পাশাপাশি খেলে ইতিহাস গড়াটা ছিল তার চেয়েও বেশি কিছু। তোমাকে ধন্যবাদ, লিও মেসি।’
ম্যাচ শুরুর আগে বেনিনের অধিনায়ক সেসি ডি’আলমেইদা অবসরে যাওয়া এই কিংবদন্তির হাতে একটি ছোট স্মারক মূর্তি ও চিঠি উপহার হিসেবে তুলে দেন। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার এই ঐতিহাসিক মুহূর্তটি ফুটবল বিশ্বের মনে গভীর প্রভাব ফেলছে, আর তাই তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তার জোয়ার সামনে আরও বাড়তে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
