রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বিস্ফোরণের শব্দ ও অগ্নিকাণ্ড

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। তবে, এটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন হামলা, তা এখনো নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ।

আজ রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। সাম্প্রতিক সময়ে এ নিয়ে পঞ্চমবারের মতো রিয়াদে হামলার ঘটনা ঘটল। প্রথম তিনবার হামলায় দায় স্বীকার করেছে হুতিরা। চতুর্থটিও তারাই করেছে বলে এএফপির প্রতিবেদনে কূটনৈতিক বরাতে জানানো হয়েছে। তবে সর্বশেষ এই হামলা হুতিরাই করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সর্বশেষ শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালানো হয়। ওই হামলার দায় সরাসরি স্বীকার না করলেও হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, আগামীতে রিয়াদের পাশাপাশি অন্যান্য সৌদি বিমানবন্দরেও হামলা হতে পারে।

আজ সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এ হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিমানবন্দরের আশপাশে একটি ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস’ করেছে।

এএফপির সাংবাদিকেরা রিয়াদের কেন্দ্রীয় এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে শহরটির উত্তরাঞ্চলের তিন বাসিন্দা আরেকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।

রিয়াদের উত্তরাঞ্চলের আল-আরিদ এলাকার এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণে পুরো বাড়ি কেঁপে ওঠে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী শনিবারের হামলাটি ইয়েমেন যুদ্ধে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।  ওই হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

Related Articles

Latest Posts