প্রতিপক্ষের চুল টেনে ধরে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিপদ আরও বাড়িয়েছেন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের দুটি ঘটনায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকাকে মোট চার ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। ফলে বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে খেলা হচ্ছে না তার।
গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। যে আক্রমণ থেকে গোল করেছিলেন তিনি, ঘটনাটি ঘটেছিল সেই আক্রমণের সময়ই। পরে ভিএআরের পরামর্শে মাঠের মনিটরে রিপ্লে দেখে গোলটি বাতিল করেন রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা। একই সঙ্গে ভিনিসিয়ুসকে দেখান লাল কার্ড।
শুধু লাল কার্ডেই শেষ হয়নি ঘটনা। মাঠ ছাড়ার আগে রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন ভিনিসিয়ুস। রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে এগিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরিস্থিতি সামাল দিতে সতীর্থদের তাকে আটকে রাখতে হয়েছিল।
এই দুই ঘটনাকে আলাদা অপরাধ হিসেবে বিবেচনা করেছে শৃঙ্খলা কমিটি। বল দখলের লড়াইয়ের বাইরে প্রতিপক্ষের সঙ্গে সহিংস আচরণের দায়ে আচরণবিধির ১৩০.২ ধারা অনুযায়ী দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়ুস। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় ১২৭ ধারায় যোগ হয়েছে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা। দুটি অপরাধের জন্যই তাকে অতিরিক্ত আর্থিক জরিমানা করা হয়েছে।
ভিনিসিয়ুসের শাস্তি বাড়ার পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে চুল টেনে ধরার মুহূর্তে বলের অবস্থান। শৃঙ্খলা কমিটির মতে, ঘটনাটি যখন ঘটে, তখন সালিবার সঙ্গে বল দখলের লড়াইয়ে ছিলেন না রিয়াল তারকা। বলের জন্য স্বাভাবিক লড়াইয়ের মধ্যে ঘটনাটি ঘটলে শাস্তি এক ম্যাচেও সীমাবদ্ধ থাকতে পারত।
অবশ্য লাল কার্ডের বিরুদ্ধে আগেই আপিল করেছিল রিয়াল মাদ্রিদ। ক্লাবটির দাবি ছিল, ভিনিসিয়ুস ইচ্ছাকৃতভাবে সালিবার চুল টানেননি। দুই খেলোয়াড়ের ধস্তাধস্তির সময় তার হাত দুর্ঘটনাবশত প্রতিপক্ষের চুল ও হেডব্যান্ডের সংস্পর্শে আসে। তা ছাড়া ঘটনাটি খেলা চলাকালে ঘটেছিল এবং ভিনিসিয়ুসের বলের জন্য লড়াই করার সুযোগ ছিল। পরবর্তী সময়ে একই আক্রমণে তার গোল করার ঘটনাকেও যুক্তি হিসেবে তুলে ধরে রিয়াল।
| Diaz de Mera Escuderos acude a la pantalla del VAR en el Santiago Bernabéu. Vinicius Junior le tira del pelo a Nathan Saliba sin disputar el balón, ES ROJA Y NO ES GOL Acierto del conjunto arbitral Real Madrid – Villarreal https://t.co/kLzNsU1eOr
— Laliga News (@laligaa_neews) October 10, 2026
লাল কার্ড দেখার পর ভিনিসিয়ুসের প্রতিবাদকেও পৃথক অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেছিল মাদ্রিদের ক্লাবটি। তাদের যুক্তি ছিল, একই ঘটনার জন্য এভাবে অতিরিক্ত শাস্তি দেওয়া যৌক্তিক নয়।
তবে রিয়ালের কোনো যুক্তিই গ্রহণ করেনি শৃঙ্খলা কমিটি। তাদের পর্যবেক্ষণ, রেফারির প্রতিবেদনে সুস্পষ্ট তথ্যগত ভুল রয়েছে, এমন অকাট্য প্রমাণ দিতে পারেনি ক্লাবটি। বরং ভিডিও ফুটেজে চুল টেনে ধরার বিষয়টি স্পষ্টভাবেই দেখা গেছে।
কমিটি আরও জানিয়েছে, ঘটনার সময় বল মাঠে ছিল কিংবা পরবর্তী সময়ে ভিনিসিয়ুস আক্রমণে অংশ নিয়েছিলেন, এসবের কোনোটিই প্রমাণ করে না যে চুল টানার নির্দিষ্ট মুহূর্তে তিনি বল দখলের লড়াইয়ে ছিলেন। রেফারির প্রতিবেদন ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাই ১৩০.২ ধারায় দুই ম্যাচের নিষেধাজ্ঞাই বহাল রাখা হয়েছে।
রেফারির সঙ্গে ঘটনার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তাদের মতে, লাল কার্ডের পর রেফারির দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যাওয়া এবং সতীর্থদের মাধ্যমে তাকে আটকানোর ঘটনাটি মূল অপরাধ থেকে সম্পূর্ণ আলাদা। এ কারণে ১২৭ ধারায় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া যথাযথ।
সব মিলিয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞায় সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৫ অক্টোবর ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে আর মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে অবশ্য শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়ুস। আন্তর্জাতিক বিরতির পর ওই ম্যাচে তার জায়গায় শুরু করেছিলেন দিয়োমান্দে। পরে মাঠে নেমে বিতর্কিত ঘটনার জন্ম দেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি। দলকে ১০ জনের বিপদে ফেলে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন রিয়াল তারকা।
তবে একই ম্যাচে দেখা আরেকটি কার্ডের বিরুদ্ধে আপিল করে সুখবর পেয়েছে রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন ফরাসি ডিফেন্ডার কোনাতে, যার কারণে এল ক্লাসিকোতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। ক্লাবের আপিল গ্রহণ করে সেই হলুদ কার্ড বাতিল করেছে শৃঙ্খলা কমিটি।
