নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছেন তিন শিশুসহ অন্তত ১০জন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিবপুরে এবং দুপুর ১২টার দিকে রায়পুরায় এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুরে রায়পুরার হাসনাবাদ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী উজ্জ্বল চন্দ্র শীল (৪০) ঘটনাস্থলে নিহত হন। তিনি রায়পুরার মেথিকান্দা গ্রামের নারায়ণ চন্দ্র শীলের ছেলে।
তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে আজ সকাল ৭টার দিকে শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ট্রলি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।
নিহতের নাম সাব্বির মিয়া (১৯)। তিনি শিবপুরের মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে একটি ট্রলিতে ওঠেন সাব্বির। ট্রলিটি শিবপুর কলেজ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ পড়ে যান তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
