তারা নির্বাচনের ফল ছিনিয়ে নিতে চাচ্ছে: নেতানিয়াহু

ইসরায়েলে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ প্রায় ৪৫ শতাংশ ভোট পড়েছে, যা একটি নতুন রেকর্ড। ১৯৭৩ সালে ঘণ্টাভিত্তিক ভোটের হার গণনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভোট পড়ার হার এটিই সর্বোচ্চ।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভাষ্য অনুযায়ী, ৩০ লাখেরও বেশি ইসরায়েলি ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটার ৭৩ লাখ। লাখো ইসরায়েলি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেশে এসেছেন।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে বড় ভূমিকা রাখতে পারেন আরব এবং দেশের বাইরে থেকে আসা ভোটাররা।

উল্লেখ্য, ইসরায়েলে চিঠি বা ইমেইল পাঠিয়ে ভোট দেওয়ার কোনো প্রক্রিয়া নেই।

আজ মঙ্গলবার ভোট দেওয়ার পর আরব দলগুলোর বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নগদ অর্থভর্তি খামসহ কয়েকজনকে গ্রেপ্তারের খবর প্রকাশের পর তিনি সতর্ক করে বলেন, তারা নির্বাচন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নেতানিয়াহু বলেন, ‘আমরা এই লড়াই বামপন্থি ও আরব দলগুলোর হাতে ছেড়ে দিতে পারি না, যারা ইহুদি রাষ্ট্রের অবসান ঘটাতে চায়। তাই বারবিকিউ করতে যাবেন না, সমুদ্রসৈকতেও যাবেন না। ভোটকেন্দ্রে যান এবং লিকুদকে ভোট দিন।’

ইসরায়েলের নির্বাচনে ৩৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১২০ আসনের নেসেটে বা পার্লামেন্টে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে বলে মনে হয় না। দেশটিতে সরকার গড়তে হলে ৬১টি আসনে জয় দরকার।

সেক্ষেত্রে তুলনামূলকভাবে ছোট দল হলেও নেতানিয়াহুবিরোধীদের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাআম পার্টি।

অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি দাবি করেছে, নানা অভিযোগ তুলে নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু।

গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী।

এবারের নির্বাচনে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে অনিয়মের অভিযোগ তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে ব্যালট পেপারে পরিকল্পিতভাবে কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

কেন্দ্রীয় নির্বাচন কমিটি বলেছে, অনলাইনে এমন দাবি ছড়িয়ে পড়লেও ব্যালট পেপারে পরিকল্পিতভাবে কারচুপির কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Related Articles

Latest Posts