সাদমানের ব্যাটে বাংলাদেশের দারুণ সেশন

প্রথম সেশনে কিছুটা কঠিন পরিস্থিতিতে সাবলীল গতিতে রান আনার অবস্থা ছিলো না। সতর্ক শুরুর পর দুই উইকেট হারিয়ে বিপদের আভাস ছিলো স্পষ্ট। তবে এমন অবস্থায় প্রতিরোধ গড়লেন সাদমান ইসলাম। লাঞ্চের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারালেও টিকে গেলেন তিনি। তাওহিদ হৃদয়কে নিয়ে আরেক জুটিতে দলকে শক্ত অবস্থান নিচ্ছেন এই বাঁহাতি ওপেনার।

বুধবার মিরপুর টেস্টের চা-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৩০ ওভার ব্যাট করে ৮১ রান যোগ করেছে স্বাগতিক দল, এই সময় হারিয়েছে স্রেফ ১ উইকেট। লাঞ্চের পর ফিরে ফিফটি পেরিয়ে যাওয়া সাদমান আছেন সেঞ্চুরির পথে। ১৬৭ বলে ৭৯ রান নিয়ে অপরাজিত তিনি। মুশফিকুর রহিমের চোটে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় অপরাজিত ৭৪ রানে। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করে ফেলেছেন ৬৭ রান।

লাঞ্চের পর ২ উইকেটে ৯৬ রান নিয়ে নেমে বেশি দূর এগোয়নি সাদমান-শান্ত জুটি। থিতু হওয়া বাংলাদেশ অধিনায়ক জোমেল ওয়ারিকনকে সুইপ করতে গিয়ে হন পরাস্ত। জোরালো এলবিডব্লিউর আবেদন আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় ক্যারিবিয়ানরা।

এরপর ক্রিজে এসে হৃদয় দ্রুতই মানিয়ে নেন। সাদমান শুরু থেকেই ছিলেন ধীরস্থির, সাবলীল। কোন তাড়াহুড়োর দিকে যাননি তিনি। বাজে বলের অপেক্ষায় থেকেছেন, তেমন বল পেলে সীমানা ছাড়া করতেও দ্বিধা করেননি।

 

Related Articles

Latest Posts