শুরু থেকেই টার্ন-অসমান বাউন্স, প্রথম সেশনে ২ উইকেট হারালো বাংলাদেশ

ক্যারিবিয়ান দুই পেসারের দারুণ বোলিংয়ে সতর্ক শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে তানজিদ হাসান তামিম সামলাতে পারেননি শুরুর ঝাপ্টা। সাদমান ইসলাম চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখালেও থিতু হয়ে লাঞ্চের আগে উইকেট ছুঁড়ে দিয়েছেন মুমিনুল হক।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ। ৮০ বলে ৪২ রানে অপরাজিত আছেন সাদমান। ২০ বলে ১৫ করে ক্রিজে শান্ত।

উইকেটে টার্ন থাকবে দেখে দুই দলই একাদশে রেখেছে তিনজন করে স্পিনার। সেই টার্নের দেখা প্রথম ঘণ্টাতেই পাওয়া গেছে। রোস্টোন চেজের বেশ কয়েকটা বল আচমকা লাফিয়ে টার্ন করেছে। জোমেল ওয়ারিকনের কিছু বল আবার নিচুও হয়েছে।

পেসারদের বলে বাড়তি বাউন্স দেখা গেছে, পেসারদের জন্যও উইকেটে সহায়তা ছিল শুরুর দিকে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রথম উইকেট হারায় সপ্তম ওভারে। জেডন সিলসের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে স্লিপে ধরা দেন তানজিদ। ২৩ বলে ৭ রান করেন তিনি।

মুমিনুল তিনে নেমে সাবলীল খেলছিলেন। সময় নিয়ে হয়েছিলেন থিতু। তবে ইনিংসটা বড় করার সুযোগ হারান অস্থিরতায়। ওয়ারিকনকে এগিয়ে এসে ওড়াতে গিয়ে টাইমিং মিস হয়ে যায় তার। মিড অফে সহজ ক্যাচ লুপে নেন শামার জোসেফ।

 

Related Articles

Latest Posts