লিটন দাস খেলবেন কি না মিরপুর টেস্টে, শতভাগ নিশ্চিত করে বললেন না নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিং ও কিপিং অনুশীলন ঠিকঠাক করা এই তারকাকে নিয়ে তেমন কোনো সংশয়ের কথাও জানাননি তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মিরপুর টেস্টে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন লিটন। এদিকে মঙ্গলবার অনুশীলনে পাওয়া মুশফিকের চোট গুরুতর নয়।
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের পর হিপ জয়েন্টের চোটে পড়েন লিটন। এই চোটে তিনি ছিটকে যান ত্রিদেশীয় সিরিজ থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে নিয়ে শঙ্কা ছিল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে লিটনের ফিটনেস প্রসঙ্গে শান্ত বলেন আশাব্যঞ্জক কথা, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখন অব্দি ভালো আছে, কিন্তু নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত ফিজিও এবং ট্রেনার ওইভাবে রিপোর্টটা দেয়নি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খেলবে, কিন্তু এখনো আমি ১০০% রিপোর্টটা পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং, ফিল্ডিং সবকিছুই করেছে।’
এদিকে এদিন অনুশীলনে ব্যাট করতে গিয়ে আঙুলে চোট পান অভিজ্ঞ ব্যাটার মুশফিক। দলীয় সূত্রের খবর, মুশফিক ব্যথা পেলেও সতর্কতার অংশ হিসেবে অনুশীলন বন্ধ রাখেন তিনি। এমনিতে বড় কোনো সমস্যা নয়। অধিনায়ক শান্তও জানিয়েছিলেন, চিন্তায় পড়ার মতো কিছু হয়নি তার।
মুশফিক ও লিটন দুজনেই বাংলাদেশের মিডল অর্ডারের ভরসা। তাদের খেলা তাই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
