ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়ার প্রস্তাব পুতিনের

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণে মস্কো প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং তারা ‘সেই অভিজ্ঞতা আবারও পুনরাবৃত্তি’ করতে প্রস্তুত।

তিনি জানান, সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং ইউরেনিয়াম শুধু যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে নেওয়ার দাবি তোলে। এরপর ইরানও নিজেদের অবস্থান কঠোর করে।

পুতিন বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ বজায় রাখবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট ‘যত দ্রুত সম্ভব’ শেষ হবে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Latest Posts