রাজধানীর কলাবাগানে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আশরাফুল হুদা রুবেল (৬৩) কলাবাগান এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ২ শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে যান আশরাফুল হুদা। পরে তিনি এক শিশুকে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে আশরাফুল দরজা খুলে দেন। সেসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে আশরাফুলকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি ফজলে আশিক বলেন, এ ঘটনায় শিশুটির মা আশরাফুলের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
