ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তনের প্রতিবাদে আজ মঙ্গলবারও রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল গ্রাহক।
সকাল সাড়ে ৯টার দিকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সোমবার রাতে অনুষ্ঠিত ব্যাংকের ভার্চুয়াল বোর্ড সভার বিরোধিতা করেন। ওই সভায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করে পরিচালনা পর্ষদ।
বিক্ষোভকারীরা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন এবং নেতৃত্বে আমূল পরিবর্তনের দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকের সব পর্ষদ সদস্যের পদত্যাগও দাবি করেন তারা।
গতকাল সোমবারও মতিঝিলে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এতে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ ওঠে।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ ব্যাংক যেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল করে এবং সম্প্রতি পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহাল করে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে গত ২৪ মে রাতে, ঈদের ছুটির আগের দিন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের ৬ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকের যেসব শীর্ষ কর্মকর্তা পদত্যাগে বাধ্য হয়েছিলেন, খুরশীদ আলম তাদের একজন ছিলেন।
অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তার ভূমিকা বিতর্কিত ছিল। বিশেষ করে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া এবং ঋণ অনিয়মের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
বিক্ষোভের কারণে সোমবার ব্যাংকের পূর্বনির্ধারিত বোর্ড সভা বিঘ্নিত হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান খুরশীদ আলম।
