বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তবে শেষ মুহূর্তে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এর আগে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে একই প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল বাপ্পারাজের।
এদিকে শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, বাপ্পারাজের পরিবর্তে সভাপতি পদে নির্বাচন করবেন ফাইট ডিরেক্টর আরমান। তিনি সর্বশেষ শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে সংগঠনটির বিভিন্ন কমিটিতে একাধিক পদেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আরমান বলেন, ‘সিনিয়র-জুনিয়র শিল্পীদের আগ্রহে এবার সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে যতবার নির্বাচনে অংশ নিয়েছি, শিল্পীরা আমাকে নিরাশ করেননি। এবারও আশা করব তারা আমাকে কাজের সুযোগ করে দেবেন।’
বাপ্পারাজের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মুক্তি বলেন, ‘ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। সে কারণে সাধারণ সদস্যদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। গুণী শিল্পীদের নিয়ে সুন্দর একটি প্যানেল চূড়ান্ত করেছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কাজ করব। আগামী দিনেও কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চাই।’
আসন্ন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক-পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। আর আপিল বোর্ডের প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
