বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত ও পরিমার্জিত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শুরুতে স্কোয়াডে থাকা দুই তারকা ট্রেভিস হেড ও মিচেল মার্শকে আপাতত পাচ্ছে না অজিরা। হেড থাকবেন না টি-টোয়েন্টিতেও।
আইপিএল শেষ হওয়ার পর বাড়তি বিশ্রামের কারণে ট্রাভিস হেড পুরো সফর থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। শুরুতে তার খেলার কথা থাকলেও পরবর্তীতে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজ থেকেই ছুটি চেয়ে নেন। অন্যদিকে, নিয়মিত ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ আইপিএলের শেষ দিকে নতুন করে গোড়ালির চোটে পড়ায় ওয়ানডে সিরিজ থেকে বিরতি চেয়েছেন।
২০২২ সালে প্রথমবার পাওয়া এই গোড়ালির চোটের কারণে দীর্ঘদিন ধরে তিনি বোলিং করতে পারছেন না। তবে ওয়ানডেতে না খেললেও টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া। মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ।
তারকাদের এই অনুপস্থিতি ও চোটের কারণে অজি স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান সফরে চোটে পড়া লেগ-স্পিনার তানভীর সাঙ্ঘা স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তার কাভার হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন অফ-স্পিনার টড মারফি। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ পারফর্ম করায় কপাল খুলেছে অলিভার পিক ও ম্যাথু শর্টের। হেড ও মার্শের বিকল্প হিসেবে এই দুজনকে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড:
জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু কুহনেম্যান, টড মারফি, অলিভার পিক, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
