মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন তালুকদার (৫৭) স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক।

বিল্লালের ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এ ঘটনার পর মোবারক তার মামা বিল্লাল হোসেনকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিস বৈঠক বসে।

তিনি আরও জানান, বৈঠকে একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, বিল্লালের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে তার বালু-সিমেন্টের ব্যবসা রয়েছে। বিল্লাল মৃত ইউনুছ তালুকদারের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাটি রমনা থানাকে জানানো হয়েছে।

 

Related Articles

Latest Posts