ফিলিপাইনের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৬ হয়েছে।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
উদ্ধারকারীরা একটি সুপারমার্কেটের ধ্বংসাবশেষের নিচ থেকে আজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন।
গত সোমবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭।৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১৫ বলা হলেও পরবর্তী দুই দিনে তা বেড়ে ৪৫ হয়।
জেনেরাল সান্তোস শহরের দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ওই শহরে সাত লাখ ২০ হাজার মানুষের বসবাস।
আজ সুপারমার্কেট কর্মী জোই দেলুভিও (৩৯)-এর মরদেহ উদ্ধার হয়েছে। তাকে জীবিত উদ্ধারের জন্য প্রাণান্তকর চেষ্টা চালান উদ্ধারকারীরা।
স্থানীয় উদ্ধারকর্মী মিশেল চুয়া বুধবার এএফপিকে জানান, উদ্ধার অভিযানের শুরুতে জীবন শনাক্তকারী যন্ত্রে একটি ‘ক্ষীণ স্পন্দনের’ সংকেত পাওয়া গিয়েছিল
তবে, ‘যখন তারা মরদেহটির কাছে পৌঁছায়… তখন জীবনের কোনো লক্ষণ আর পাওয়া যায়নি।’
চুয়া আরও জানান, দেলুভিওর মরদেহ দুটি বিমের মাঝখানে চাপা অবস্থায় পাওয়া গেছে।
বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মৃতের সংখ্যা বাড়িয়ে ৪৫ জনে উন্নীত করে। একই সঙ্গে নিখোঁজের সংখ্যাও ৪ জন থেকে বেড়ে ১৭ জনে পৌঁছেছে।
তবে বেসামরিক প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে, মৃতের সর্বশেষ এই সংখ্যার মধ্যে দেলুভিওকে অন্তর্ভুক্ত করা হয়নি।
রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো বলেন, নতুন করে শনাক্ত হওয়া মৃতের অধিকাংশ দাভাও অক্সিডেন্টাল প্রদেশে। তাদের বেশির ভাগের মৃত্যু হয়েছে ভূমিধস বা ভবন ধসে।
সোমবার স্থানীয় সময় ৭টা ৩৭ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল জেনারেল সান্তোস সিটির উপকূলের কাছে।
সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ২ জানিয়েছিল, তবে পরে তা সংশোধন করে ৭ দশমিক ৮ বলে উল্লেখ করে।
