ভিনগ্রহের প্রাণী আর কল্পবিজ্ঞানের রহস্যময় জগতের সিনেমা নিয়ে ফিরছেন স্টিভেন স্পিলবার্গ। তার নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামী ১২ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকরা।
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে স্পিলবার্গের সিনেমার বক্স অফিস আয় ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার, যা এখনো রেকর্ড। তার ঝুলিতে আছে সেরা পরিচালকের তিনটি অস্কার। সর্বশেষ ‘দ্য ফ্যাবেলম্যানস’ সিনেমায় নিজের বেড়ে ওঠার গল্প জানিয়েছেন তিনি।
তবে ‘ডিসক্লোজার ডে’ দিয়ে তিনি ফিরেছেন নিজের পুরোনো ধাঁচে। ‘ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’, ‘ক্লোজ এনকাউন্টারস অব থার্ড কাইন্ড’ বা ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এর মতো এই সিনেমাতেও অজানা জগতের সঙ্গে মানুষের আবেগের সংযোগ ঘটিয়েছেন স্পিলবার্গ।
‘ডিসক্লোজার ডে’ সিনেমার গল্প পুরোপুরি প্রকাশ হয়নি। তবে জানা গেছে, ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসা এবং সেই সত্য আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনি।
সিনেমায় একজন আবহাওয়া সংবাদকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যার যোগাযোগ তৈরি হয়। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যিনি প্রমাণ হাতে পেয়েছেন যে মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগ ইতিমধ্যে ঘটেছে। অন্যদিকে কলিন ফার্থ ক্ষমতাধর এক প্রশাসনিক ব্যক্তি, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। নব্বইয়ের দশকে স্পিলবার্গের সাড়া জাগানো ‘জুরাসিক পার্ক’ সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন তিনি।
