শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর আগেই বড়সড় চুরির শিকার হয়েছে ইংল্যান্ড ফুটবল দল। চোরেরা তাদের অনুশীলনের সরঞ্জাম নিয়ে গেছে।
কানসাস সিটির ‘সোপ সকার ভিলেজ’ ঘাঁটিতে ইংল্যান্ড দলের মালামাল নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা গাড়িগুলো ভেঙে এই চুরির ঘটনা ঘটানো হয়। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখন খুঁজে দেখার চেষ্টা করছে ঠিক কী কী জিনিস খোয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, চুরি যাওয়া মালামালের মধ্যে ফুটবল ও বুট জুতোও রয়েছে।
কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা। তার আগেই সরঞ্জামগুলো মাঠে গুছিয়ে রাখার কথা ছিল।
এই বিষয়ে এফএ’র সঙ্গে যোগাযোগ রাখছে স্থানীয় পুলিশ। শুক্রবার রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেছে।
জানা গেছে, এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ২:০০ টা) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। তার আগে এই চুরির ঘটনা টুখেলের প্রস্তুতিতে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।
সবকিছু ঠিক থাকলে, রবিবারই প্রথম পুরো দমে অনুশীলনে নামবেন ইংল্যান্ডের ফুটবলাররা।
