ভুলে সীমান্ত পাড়ি দেওয়া শিশুকে ফেরত আনল বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর-নাজিরহাট সীমান্তে পতাকা বৈঠকের পর ১২ বছর বয়সী বাংলাদেশি শিশু জয়নাব খাতুনকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. ইব্রাহিম দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। শিশুটি ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছিল।’ 

গতকাল রাত পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৩-এর সাব-পিলার ৩-এস সংলগ্ন এলাকায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, ‘রাতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে আমি উপস্থিত ছিলাম। শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ উদ্বেগের পর পরিবারে স্বস্তি ফিরে এসেছে।’

জয়নাব খাতুন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর ঘগোয়ারপাড় গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন ও নাজমা বেগমের মেয়ে। সে মধ্য কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জয়নাবের বাবা জামাল উদ্দিন জানান, গতকাল দুপুরে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে অজান্তেই সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় আমার মেয়ে। সেখানে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে পতাকা বৈঠকের পর রাতে মেয়েকে ফিরে পেয়েছি।’

এর আগে গতকাল দুপুর ১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৩-এর সাব-পিলার ৩ এলাকার কাছে বিএসএফ সদস্যরা শিশুটিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করে। তখন শিশুটির পরিচয় ও জাতীয়তা সম্পর্কে নিশ্চিত না হওয়ায় তাকে গ্রহণে আপত্তি জানায় বিজিবি। 

এক শিশুকে পুশ-ইনের চেষ্টা হয়েছে জানাজানির পর মেয়েকে খুঁজে না পাওয়ার বিষয়টি বিজিবিকে জানায় জয়নাবের পরিবার। এরপর তার পরিচয় নিশ্চিত ও বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরুর উদ্যোগ নেয় বিজিবি। রাতে পতাকা বৈঠকের পর শিশুটিকে ফেরত নেওয়া হয়।

Related Articles

Latest Posts