অনিশ্চয়তা কাটিয়ে প্রথম ম্যাচে ইয়ামালকে পাচ্ছে স্পেন

ইনজুরির কারণে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে লামিন ইয়ামালকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবে সেই শঙ্কা দূর করেছেন স্পেন কোচ। কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে সবুজ সংকেত পেয়েছেন লামিন। তবে শুরুর একাদশে থাকছেন না বার্সেলোনা তারকা। 

নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, ইনজুরি থেকে সেরে উঠেছেন লামিন। গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় চোট পান তিনি। 

গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে সতর্কতাবশত না খেলালেও এই ম্যাচে লামিনকে পাওয়া নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন দে লা ফুয়েন্তে, ‘ভালো খবর হচ্ছে লামিন শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছে। আমরা তাকে যে অবস্থায় চাইছিলাম, সে ঠিক সে অবস্থাতেই আছে। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, লামিন মাঠে নামতে পারবে। তবে পুরো ৯০ মিনিট সে খেলবে না, কিছু সময় খেলবে’।  

লামিনের পাশাপাশি আরেক উইঙ্গার নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজেরও ইনজুরি সমস্যা নিয়ে চিন্তিত ছিল স্পেন। দে লা ফুয়েন্তে জানিয়েছেন, এই দুজনও মাঠে নামতে প্রস্তুত, ‘নিকোর অবস্থাও লামিনের মতো। তারা একসাথেই কঠোর অনুশীলন করছে। তাদের বোঝাপড়াও খুব ভালো। পুরো ৯০ মিনিট তারা খেলবে না, দলের প্রয়োজন অনুযায়ী নামানো হবে’। 

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ এইচ এ তাদের বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। 

Related Articles

Latest Posts