ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ তরুণের মরদেহ মিললো নরসিংদীতে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের পর থেকে নিখোঁজ তরুণ রিফাতের (২৮) মরদেহ নরসিংদীর মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় নিহতের বোন মুক্তা বেগম মরদেহ শনাক্ত করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের বোন মুক্তা বেগম বলেন, তার ভাইয়ের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। পাশাপাশি গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও দেখা গেছে। মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি জানান।

স্বজনরা জানান, রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই রিফাত নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধকেন্দ্রিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় রিফাত গুলিবিদ্ধ হন। পরে তার মরদেহ সরিয়ে ফেলা হয়েছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রচারণা চলে।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, রিফাতের মরদেহ উদ্ধারের বিষয়টি তারা জেনেছেন। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে থানায় মরদেহ উদ্ধার হয়েছে, সেখানেও মামলা হতে পারে বলে তিনি জানান।

Related Articles

Latest Posts