নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকালের মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের ইটভাটা শ্রমিক রাজিব (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে শামসুল হুদা মাছ ধরতে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আশরাফুল ইসলাম। আজ সকালে উপজেলার সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তিনিও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।

এদিকে, ভোর ৫টার দিকে মদন উপজেলায় বাড়ির পাশে মাছ ধরার চাঁই (বাইর) তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হন রাজিব নামের এক ইটভাটার শ্রমিক। তিনি কাইটাল গ্রামের সোনালী মিয়ার ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, কেন্দুয়া থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মদনে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Latest Posts