জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে পাঁচদিনের ম্যাচটি।
পায়ের পেশির চোটের কারণে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, আসন্ন টেস্টের আগে এই তারকার পক্ষে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া সম্ভব নয়।
এদিকে, খেলোয়াড় ও স্টাফসহ বাংলাদেশ দলের ১৫ সদস্যের প্রথম বহরটি এদিন জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। তাওহিদ হৃদয়সহ টি-টোয়েন্টি দলের বাকি খেলোয়াড়দের নিয়ে ১৩ সদস্যের দ্বিতীয় বহরটি আগামী ২৪ জুন রওনা হবে।
পূর্ণাঙ্গ সফরে একমাত্র টেস্ট ম্যাচটির পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি:
একমাত্র টেস্ট: ২৮ জুন-২ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব
প্রথম ওয়ানডে: ৬ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব
দ্বিতীয় ওয়ানডে: ৯ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব
তৃতীয় ওয়ানডে: ১১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব
প্রথম টি-টোয়েন্টি: ১৫ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৭ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব
তৃতীয় টি-টোয়েন্টি: ১৯ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব।
