আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই ক্ষমতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডে প্রেষণে কর্মরত সমমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই বিশেষ ক্ষমতা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এই কর্মকর্তারা ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়েছে।
এ আদেশের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধীকে গ্রেপ্তার, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, তল্লাশি পরিচালনা ও জনশৃঙ্খলা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
