চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের মধ্যে অন্তত ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুক্তিগুলোর মধ্যে চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব জ্বালানি অন্যতম। এ ছাড়া বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প এবং চীনের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ বা জিডিআইয়ে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর চীনে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি সফর। আজ তিনি ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এও যোগ দেবেন। সেখানে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।
এ ছাড়া আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিআইডিসিএ) চেয়ারম্যান, চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (চায়না এক্সিম ব্যাংক) চেয়ারম্যান, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং চীনের পানিসম্পদমন্ত্রীর। চেরি গ্রুপ, হান্ডা গ্রুপ ও চায়নাটেক্স করপোরেশনের শীর্ষ কর্তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
তারেক রহমানের সম্মানে ভোজসভার আয়োজন করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
আগামীকাল চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। দেশে ফেরার আগে চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরও পরিদর্শন করবেন তিনি।
এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক নিবন্ধে লিখেছেন, অতীত অর্জনের ওপর ভিত্তি করে ভবিষ্যতের পথরেখা নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর ঐতিহাসিক তাৎপর্য বহন করে।
তিনি লিখেছেন, ‘এই সফর আগামী দিনে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গতি আনবে। দুই দেশের মধ্যকার ব্যাপক ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরও অর্থবহ ও গুণগত মানে উন্নীত করতে এই সফর ভূমিকা রাখবে।’
মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে গত ২২ জুন চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ২৩ জুন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সভা ‘নিউ চ্যাম্পিয়নস ২০২৬’-এ যোগ দেন। পরে ২৪ জুন সন্ধ্যায় বুলেট ট্রেনে চড়ে তিনি বেইজিং পৌঁছান।
