ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি গৌরীপুর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, বুধবার রাত প্রায় ১০টা ৫০ মিনিটে ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করার পর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা যাত্রী ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য একটি রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনটি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত শেষ হলে আজ বিকেল ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ওই তিনটি বগি রেখে যাত্রীসহ বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি বুধবার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ওই তিন বগির যাত্রীরাও বাকি বগিতে করে চট্টগ্রাম যান।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ওসি।
