ইরানের ড্রোন হামলার দাবি বাহরাইনের, শান্তি প্রচেষ্টা নস্যাতের অভিযোগ

ইরানের একাধিক ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করেছে বাহরাইন।

দেশটির অভিযোগ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সই হওয়া চুক্তির পর প্রথমবারের মতো এ হামলার মাধ্যমে তেহরান শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা করছে।

আজ শনিবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  

বিবৃতিতে বলা হয়, ভোরে ইরানের একাধিক ড্রোন বাহরাইনের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা দেশটির সার্বভৌমত্বের ‘চরম লঙ্ঘন’।

মন্ত্রণালয় আরও দাবি করে, ইরানের এ হামলা চলমান শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

এর আগে ওয়াশিংটন ইরানের ভূখণ্ডে হামলা চালানোর পর তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করে।

এদিকে শনিবার ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অবসানের শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।

Related Articles

Latest Posts