সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

বিশ্বজুড়ে সাড়ে পাঁচ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)।

পাশাপাশি ব্যয় কমানোর অংশ হিসেবে আরও সাড়ে তিন হাজার পদ আউটসোর্সিংয়ের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছে তামাক উৎপাদন ও তামাকজাত পণ্য বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠানটি।

আজ সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় লাকি স্ট্রাইক ও ডানহিল সিগারেটের নির্মাতা প্রতিষ্ঠানটি। 

বিষয়টি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

বিবৃতিতে বিএটি জানায়, পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে বছরে ৯ হাজার ৭২০ কোটি টাকা (৬০ কোটি পাউন্ড) সাশ্রয় করতে চায় তারা। 

এতে প্রতিষ্ঠানের ৪৭ হাজার কর্মীর প্রায় ২০ শতাংশ কোনো না কোনোভাবে প্রভাবিত হবেন। 

বিশ্ব বাজারে প্রথাগত সিগারেটের চাহিদা কমে যাওয়ায় অন্যান্য বড় তামাক কোম্পানির মতো বিএটিও এখন ভেপ ও অন্যান্য নতুন পণ্যের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

বিএটির প্রধান নির্বাহী টাদেউ মারোকো বলেন, ‘আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি, যা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবে। এটি আরও গতিশীল, ব্যয় ব্যবস্থাপনায় সতর্ক ও প্রযুক্তিনির্ভর হবে।’

তিনি আরও বলেন, ‘এই পরিবর্তনের কারণে আমাদের অনেক সহকর্মী প্রভাবিত হবেন। এই পরিবর্তনের সময়ে তাদের প্রয়োজনীয় সহায়তা ও সম্মান নিশ্চিত করার দিকেই আমাদের মনোযোগ থাকবে। একই সঙ্গে আমরা ভবিষ্যতের জন্য ব্যবসাকে আরও শক্তিশালী করে তুলব।’

তবে যুক্তরাষ্ট্রে কোনো কর্মী ছাঁটাই হবে না। যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে সহযোগী প্রতিষ্ঠান রেনল্ডস আমেরিকান।

ঘোষণার পর লন্ডন শেয়ারবাজারে বিএটির শেয়ারের দাম প্রায় এক দশমিক পাঁচ শতাংশ কমে যায়। একই সময়ে এফটিএসই ১০০ সূচকও ০ দশমিক ২ শতাংশ নিম্নমুখী ছিল।

বিনিয়োগ প্রতিষ্ঠান এজে বেলের ইনভেস্টমেন্ট ডিরেক্টর রাস মোল্ড বলেন, ‘প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কার্যক্রম আরও দক্ষ করা এবং দ্রুত নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সর্বশেষ বড় প্রতিষ্ঠান হিসেবে এই পথে হাঁটল।’

তিনি বলেন, ‘এত বড় পরিসরে কর্মী ছাঁটাই বর্তমান সময়ের বাস্তবতাই তুলে ধরছে। শ্রমবাজারের জন্য এই প্রবণতা উদ্বেগজনক।’

Related Articles

Latest Posts