রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের আন্তর্জাতিক শিক্ষামূলক একটি প্রকল্পে বিজয়ী হয়ে উত্তর মেরু অভিযানে অংশ নিতে যাচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন প্রত্যয়।
বাংলাদেশসহ ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রায় ৫ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মানজনক সুযোগ অর্জন করেন তিনি।
গত ২৩ জুন মস্কোর মিউজিয়াম অব অ্যাটমিক এনার্জিতে শিক্ষামূলক প্রকল্প ‘আইসব্রেকার অব নলেজ’ নামে এই প্রকল্পটির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আগামী আগস্ট মাসে নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বের বৃহত্তম পারমাণবিক আইসব্রেকার জাহাজ ‘৫০ লিয়েত পাবেদি’তে চড়ে আর্কটিক অঞ্চলে অভিযানে অংশ নেবেন।
প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়—পারমাণবিক শক্তি, আর্কটিক অনুসন্ধান এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে একটি বিজ্ঞান কুইজ; বিশেষজ্ঞদের পরিচালনায় শিক্ষামূলক ওয়েবিনার; এবং ‘কীভাবে পারমাণবিক প্রযুক্তি আজকের বিশ্বকে বদলে দিচ্ছে’ শীর্ষক চূড়ান্ত উপস্থাপনা।
বিজ্ঞান, শিক্ষা, পারমাণবিক শিল্প ও আর্কটিক গবেষণায় যুক্ত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মূল্যায়ন করে।
প্রত্যয় তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, এমন একটা সুযোগ পেয়েছি। এটা কেবল ভ্রমণ নয়, বরং পরিচিত গণ্ডি পেরিয়ে বিজ্ঞানের জগৎ কতটা বিশাল হতে পারে, তা দেখার এক দারুণ সুযোগ। এটাকে আমি অনুপ্রেরণা হিসেবে ভবিষ্যতে কাজে লাগাতে চাই।’
রসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা একত্রিত হবেন। তারা আর্কটিক অঞ্চল সম্পর্কে জানার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি বিষয়ে ধারণা নেবেন।
এছাড়া তারা বিশেষজ্ঞদের বক্তৃতা শোনা, কর্মশালায় অংশগ্রহণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও মতবিনিময় সেশনে অংশ নিতে পারবেন। এর মাধ্যমে তারা রসাটমের পারমাণবিক আইসব্রেকার বহরের কাজ সরাসরি দেখার সুযোগও পাবেন।
