সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, যে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সৌদি শ্রমবাজারে আইন ও বিধি মেনে চলার প্রবণতা আরও উন্নত করার উদ্যোগের অংশ হিসেবে এবং এরইমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ নেওয়ায় এ সুযোগ চলতি বছরের শেষ পর্যন্ত বহাল রাখা হয়েছে।
মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও কর্মীকে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
