ড. আতিউরসহ সাবেক ৩ গভর্নরের নথি চেয়ে বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরও তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার।

গত ১১ জুন কেন্দ্রীয় ব্যাংকে এ চিঠিতে পাঠায় দুদক। চিঠিতে ৩০ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, কমিশন ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু নথিপত্র পেয়েছে এবং সেগুলো পর্যালোচনা করছে।

কর্মকর্তারা জানান, প্রাপ্ত তথ্য অপূর্ণাঙ্গ মনে হলে দুদক আরও তথ্য চেয়ে তাগিদপত্র পাঠাবে।

এর আগে ২০২৫ সালের মে মাসের শেষদিকে তৎকালীন বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে দুদক অভিযোগ করে, গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে এমন সব নীতিমালা জারি করেছিলেন যা ঋণখেলাপি এবং এস আলম গ্রুপসহ প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীগুলোকে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছিল।

অনুসন্ধানের অংশ হিসেবে ২০১৬ সালে এবং ২০২০-২৪ সালের মধ্যে একক গ্রাহক ঋণসীমা এবং বড় অঙ্কের ঋণ পুনঃতফসিলীকরণ বা পুনর্গঠন সংক্রান্ত ইস্যু করা সব অনুমোদনপত্রের সত্যায়িত কপি চেয়েছে দুদক।

এছাড়া, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের তথ্য, প্রণোদনা ঋণ পাওয়া কোম্পানিগুলোর তালিকা, এস আলম গ্রুপকে ব্যাংকের মালিকানা নেওয়ার অনুমতি সংক্রান্ত নথিপত্র এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর তৎকালীন সাইবার নিরাপত্তা উপদেষ্টা তানভীর জোহা কর্তৃক প্রস্তুতকৃত তদন্ত প্রতিবেদনও তলব করেছে কমিশন।

পাশাপাশি, আবদুর রউফ তালুকদারের মেয়াদকালে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার জন্য টাকা ছাপানো সংক্রান্ত অনুমোদন বা অফিসিয়াল নোট শিটের সত্যায়িত কপিও চেয়েছে দুদক।

Related Articles

Latest Posts