ফিট এমবাপে, ফিরছেন চুয়ামেনি; স্পেনের ‘পজেশন’ ভাঙতে প্রস্তুত ফ্রান্স

মঞ্চ প্রস্তুত, সেমিফাইনালের মহারণে মুখোমুখি দুই পরাশক্তি—ফ্রান্স ও স্পেন। বিশ্বকাপের এই হেভিওয়েট লড়াইয়ের আগে ফরাসি শিবিরে বড় স্বস্তি। সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নামছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। চোট কাটিয়ে ফিরছেন মাঝমাঠের অতন্দ্র প্রহরী অহেলিয়াঁ চুয়ামেনিও। স্প্যানিশদের বিখ্যাত ‘পজেশন ফুটবল’ বা বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণের কৌশলের বিরুদ্ধে এক চুলও ছাড় দিতে রাজি নন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

লড়াইটা বল দখলের, লড়াইটা স্নায়ুর

স্পেনের খেলার ধরন সবার জানা—বল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা আর নিখুঁত পাসিংয়ে সুযোগ তৈরি করা। তবে দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্প্যানিশদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ সহজেই ছেড়ে দেবে না তার দল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘স্পেন হয়তো প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু আমরাও এমন একটি দল যারা বল পায়ে রেখে খেলতে পছন্দ করি। মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কাল এক তুমুল লড়াই হতে যাচ্ছে।’

গতি দিয়ে প্রতিপক্ষকে চূর্ণ করার সামর্থ্য ফ্রান্সের আছে। তবে কেবল রক্ষণ সামলে প্রতি-আক্রমণের (কাউন্টার অ্যাটাক) অপেক্ষায় বসে থাকার রণকৌশল নাকচ করে দিয়েছেন ফরাসি মাস্টারমাইন্ড।

তরুণ ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরি কোচের সুরেই সুর মিলিয়েছেন। তার মতে, ফ্রান্সের খেলার বৈচিত্র্যই তাদের বড় শক্তি, ‘স্পেনের বল পজেশন দারুণ। তবে আমাদেরও গতিশীল কাউন্টার অ্যাটাক করার, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার এবং রক্ষণ জমাট রাখার ক্ষমতা আছে। মাঠের পরিস্থিতিই ঠিক করে দেবে আমরা কীভাবে খেলব। আগে থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা কঠিন।’

মাঝমাঠে ফিরছে শক্তি, চুয়ামেনি প্রস্তুত

ফ্রান্সের মাঝমাঠের জন্য সবচেয়ে বড় সুখবর হলো অহেলিয়াঁ চুয়ামেনির প্রত্যাবর্তন। হ্যামস্ট্রিং চোটের কারণে গত ৩০ জুনের পর আর মাঠে নামা হয়নি ২৬ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের।

দেশম জানিয়েছেন, চুয়ামেনি পুরোপুরি ফিট না হলেও ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন। আগের ম্যাচে তাকে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল। দেশমের ভাষ্য, ‘গত ম্যাচে ঝুঁকিটা বড্ড বেশি ছিল। আজ ওর অবস্থা অনেক ভালো, যদিও ১০০ ভাগ ফিট বলা যাবে না। ও দুই সপ্তাহ খেলেনি, তবে এটা কোনো বড় বাধা নয়। সবচেয়ে জরুরি বিষয় হলো, ও দলের সঙ্গে আছে।’

চুয়ামেনির উপস্থিতি ফরাসি রক্ষণকে বাড়তি নিরাপত্তা দেবে, পাশাপাশি স্পেনের হাই-প্রেসিং ফুটবল ভেঙে বল সামনে বাড়াতে সাহায্য করবে।

‘এমবাপে ঠিক আছে’

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। সোমবার দলের অনুশীলনের শেষভাগেও তাকে পুরোটা সময় দেখা যায়নি। তবে ফরাসি সমর্থকদের আশ্বস্ত করে কোচ জানিয়েছেন, মঙ্গলবার মাঠে নামতে প্রস্তুত এই মহাতারকা।

মৃদু হেসে দেশম বলেন, ‘কিলিয়ান একদম ঠিক আছে।’ অনুশীলনে অংশ নেওয়া প্রসঙ্গে তার সংযোজন, ‘হ্যাঁ, ও অনুশীলন করেছে। একটা ড্রিল ও ১৫ মিনিটের জায়গায় ১০ মিনিট করেছে, এটুকুই।’

অতীত ইতিহাস পেছনে ফেলার প্রত্যয়

২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ নেশনস লিগের সেমিফাইনাল—দুই জায়গাতেই স্পেনের কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে। তবে সেসব অতীত ইতিহাস নিয়ে মাথা ঘামাতে রাজি নন দেশম, ‘অতীতের ম্যাচগুলো থেকে শেখার মতো বিশেষ কিছু নেই। তখনকার বাস্তবতা আলাদা ছিল, খেলোয়াড়দের ফর্মও অন্যরকম ছিল। স্পেন ওই দুটি ম্যাচ জিতেছিল, তাদের অভিনন্দন। তবে আমার পুরো মনোযোগ এখন আগামীকালের ম্যাচে।’

অবশ্য বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায় জিতেছিলো ফ্রান্স। ২০০৬ সালে তারা ৩-১ গোলে উড়িয়ে দেয় স্পেনকে। 

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য ফ্রান্সের। একজন দূরদর্শী কোচের মতো দেশম মনে করিয়ে দিলেন, নিখুঁত পরিকল্পনাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়, ‘ফুটবল কোনো নিখুঁত বিজ্ঞান নয়। এখানে খাপ খাইয়ে নেওয়াটাই আসল। তবে ম্যাচের ছোটখাটো খুঁটিনাটি বিষয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সবসময়ই ব্যবধান গড়ে দেয়।’

 

Related Articles

Latest Posts