মেসির সঙ্গে কী নিয়ে বাক্যবিনিময়, জানালেন বেলিংহাম

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তবে মাঠের ফুটবলের পাশাপাশি সেই ম্যাচে বাড়তি উত্তাপ ছড়িয়েছিল লিওনেল মেসি ও জুড বেলিংহামের মধ্যকার বাক্যবিনিময়। ম্যাচের প্রথমার্ধে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠেই দ্বন্দ্বে জড়ান এই দুই তারকা। কী নিয়ে সেই আলাপ তা বোঝার অবশ্য উপায় ছিলো না। ম্যাচ শেষে সেই উত্তপ্ত মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। তার দাবি, মাঠের সেই ঘটনা তেমন বড় কিছু ছিলো না। 

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বেলিংহাম জানান, রেফারির একটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত থেকেই তাদের মধ্যে ‘আলোচনা’ হয়েছে।

খেলা শেষে গণমাধ্যমকে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘মেসির সঙ্গে সেই আলাপ? আসলে আমরা একটা ফাউল নিয়ে আলাপ করছিলাম। এটা গুরুতর কিছু ছিল না। আমি নিশ্চিত সবাই এটা নিয়ে অনেক মাতামাতি করবে, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি।’

মেসির সঙ্গে ঠিক কী কথা হয়েছিল, তার বিবরণ দিয়ে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছিল একটু আগে একটা ফাউল হয়েছিল। জবাবে ও (মেসি) বলল, “তাহলে আমাকে যে ফাউল করা হলো, সেটার কী?” আমি তখন বললাম, “আপনি এটা সহ্য করার মতো যথেষ্ট শক্তপোক্ত, আপনি জানেন আমি কী বোঝাতে চেয়েছি।”’

মাঠে লড়াই ও বাগবিতণ্ডা হলেও মেসির প্রতি বেলিংহামের শ্রদ্ধাবোধে কোনো কমতি নেই। আর্জেন্টিনার অধিনায়কের বিপক্ষে খেলাকে তিনি সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন।

পরাজয়ের ক্ষত বুকে নিয়ে বেলিংহাম বলেন, ‘অবশ্যই আমি পরাজিত দলে আছি, যা ভীষণ কষ্টের। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা ও সৌভাগ্যের।’

দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের বড় কোনো ট্রফি না জেতার আক্ষেপ এই ম্যাচেও ঘুচল না। হতাশ ইংলিশ সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বেলিংহাম বলেন, ‘এটা সত্যিই হৃদয়বিদারক। আমি ইংল্যান্ডের সেই দলের অংশ হতে চেয়েছিলাম, যারা অবশেষে ট্রফিটা ঘরে তুলবে। বছরের পর বছর ধরে সমর্থকরা যে সান্ত্বনার কথা শুনে আসছেন, আজকেও তাদের সামনে দাঁড়িয়ে একই কথা বলাটা অত্যন্ত কষ্টের। আমি সত্যিই দুঃখিত।’

 

Related Articles

Latest Posts