‘শিরোপা নয়, এই যাত্রাটাই সবচেয়ে মূল্যবান’: ফাইনালের আগে মেসি

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে একটি স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিলেন অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ছবি পোস্ট করে তিনি জানালেন, ট্রফির চেয়েও মূল্যবান এই দলের সঙ্গে কাটানো দীর্ঘ পথচলার স্মৃতি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে শনিবার রাতে পুরো দল, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিয়ে একটি দলীয় ছবি তুলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ছবিতে মাঝখানে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, তার পাশে প্রধান কোচ লিওনেল স্কালোনি। এছাড়া খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, চিকিৎসক, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের সঙ্গে থাকা সবাই ছিলেন সেই ফ্রেমে।

নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি, যার এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে তিনি খেলেছেন ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে।

মেসি লিখেছেন, ‘এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, বরং পুরো পথচলাটা। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই সবচেয়ে বড় আনন্দ।’

এরপর সতীর্থ ও দলের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন এই দলটিকে একটি পরিবারের মতো গড়ে তুলতে যারা কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই হোক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছেও ফেলতে পারবে না। এগিয়ে চলো আর্জেন্টিনা!’

এদিকে ফাইনালের আগে আর্জেন্টিনার একাদশে দুটি জায়গা নিয়ে এখনও ভাবছেন স্কালোনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরু করা জুলিয়ানো সিমিওনের জায়গায় আবারও ফিরতে পারেন রদ্রিগো ডি পল। এছাড়া ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল এই সিদ্ধান্তও এখনও চূড়ান্ত হয়নি। তবে বাকি একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। 

Related Articles

Latest Posts