ময়মনসিংহে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকার একটি সড়কের পাশের ঝোঁপ থেকে শনিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. রাজিব (২৪) চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ছাতিয়ানকান্দা এলাকার বাসিন্দা ছিলেন।
আজ রোববার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, রাজিব প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি। কিন্তু রাত ১টার দিকে চর ঈশ্বরদিয়া এলাকায় একটি সড়কের পাশের ঝোঁপে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
ওসি জানান, চালককে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারী চক্র অটোরিকশা নিয়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আজ দুপুরে একটি হত্যা মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।
