প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার আইসিটির চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিটি-২ সেনা কর্তৃপক্ষকে আগামী ২৩ জুলাই মোজাফফরকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ১৬ জুলাই বনানী ডিওএইচএস এলাকার একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
চিফ প্রসিকিউটর আজ ট্রাইব্যুনালকে জানান, তদন্তকারীরা তথ্য পেয়েছেন যে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফরের টেলিফোনে যোগাযোগ ছিল।
তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ চেয়ে আবেদন করে প্রসিকিউশন।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, ‘বিগত ১/১১ এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মাসুদ উদ্দিন চৌধুরী বেশ কিছু মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন এবং ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন।’
‘মাসুদ উদ্দিন চৌধুরীর মামলায় মোজাফফরের যোগসাজশ যেন খতিয়ে দেখতে পারি, সেজন্য মোজাফফরকে আদালতে হাজির করার জন্য ট্রাইব্যুনালের কাছে নির্দেশ চেয়েছিলাম,’ বলেন তিনি।
