গার্দিওলা কি ইতালির পরবর্তী কোচ? মুখ খুললেন ফুটবল প্রধান

টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলে বর্তমানে কোনো স্থায়ী কোচ নেই। এই শূন্যস্থান পূরণে কিংবদন্তি স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার দিকে হাত বাড়িয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

গার্দিওলার সঙ্গে আলোচনা চলার কথা বুধবার নিশ্চিত করেছেন এফআইজিসির প্রধান জিওভান্নি মালাগো। পাশাপাশি তিনি শঙ্কা প্রকাশ করেছেন, নিয়োগ চূড়ান্ত হবে কি না সেটা নিশ্চিত নয়। ক্রোনাচে দি স্পোলিয়াতোইয়ো (ড্রেসিংরুম ক্রনিকলস) ওয়েবসাইটকে দেওয়া একটি সাক্ষাৎকারে গার্দিওলার সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ্যে এনেছেন মালাগো।

গার্দিওলার মতো হাই-প্রোফাইল কোচকে পেতে হলে উচ্চ বেতন দিতে হবে। তাই বাজেট বাড়ানো হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে মালাগো বলেছেন, ‘হ্যাঁ, তার মতো কোচের ক্ষেত্রে তো এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতেই হবে। আমি এখনই এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইছি না। শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নেবেন কি না, তা-ও নিশ্চিত নয়।’

ইতালির ফুটবল প্রধান যোগ করেছেন, ‘তারপরও আমি মনে করি, তার সাথে যোগাযোগ করার সিদ্ধান্তটা একদম সঠিক। অন্তত আলোচনার দরজাটা খোলা এবং যোগাযোগটা ধরে রাখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

ইতালির ফুটবল অঙ্গন গার্দিওলার জন্য একেবারেই নতুন কিছু নয়। খেলোয়াড়ি জীবনে সিরি আতে ব্রেসিয়া ও এএস রোমার হয়ে খেলেছেন তিনি। সেই সুবাদে সেখানকার ফুটবলের সাথে তার সরাসরি পরিচয় রয়েছে।

তবে ইতালি জাতীয় ফুটবল দলের অবস্থা এখন বেশ নাজুক। গত মার্চে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে পরিস্থিতি আরও টালমাটাল হয়ে উঠেছে।

ওই ঘটনার দুদিন পর কোচের পদ থেকে সরে দাঁড়ান জেন্নারো গাত্তুসো। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সিলভিও বালদিনি।

অন্যদিকে, গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন ৫৫ বছর বয়সী গার্দিওলা। ইংলিশ ক্লাবটিতে কাটানো এক দশকের সোনালি অধ্যায়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গার্দিওলা ছাড়াও ইতালির কোচ হওয়ার দৌড়ে আছেন দেশটির সাবেক দুই তারকা আন্দ্রেয়া পিরলো ও রবার্তো মানচিনি। আজ্জুরিরা মানচিনির অধীনেই ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছি। টাইব্রেকারে গড়ানো ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা।

আগামী ২৬ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। এই গ্রুপের বাকি দুই দল ফ্রান্স ও তুরস্ক।

Related Articles

Latest Posts