তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন–থ্রিলার ‘জন নায়গন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির মাত্র তিন দিনেই ভারতের বক্স অফিসে প্রায় ১০০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছেছে। আর বৈশ্বিক গ্রস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭১ কোটি ৮৪ লাখ রুপিতে।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো জয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে ভালো সূচনা করে। ভারতের মোট গ্রস আয় ছিল ৫০ কোটি ২৮ লাখ রুপি।

সপ্তাহের শেষ দিকে দর্শকের ভিড় আরও বাড়ায় তৃতীয় দিনে আয়ও বেড়েছে। শনিবার ২৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে ‘জনা নায়গন’, যা আগের দিনের তুলনায় প্রায় ৩৪ দশমিক ৮ শতাংশ বেশি। তিন দিনে সিনেমাটির মোট ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে ৯২ কোটি ৩৫ লাখ রুপি, আর ভারতে মোট গ্রস আয় ১০৮ কোটি ৩৪ লাখ রুপি।

ভারতের বাইরে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। তৃতীয় দিনে বিদেশে ২০ কোটি রুপি আয় করেছে। ফলে বিদেশে মোট গ্রস আয় বেড়ে হয়েছে ৬৩ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৭১ কোটি ৮৪ লাখ রুপি।
‘জনা নায়গন’ থালাপতি বিজয়ের জন্য বিশেষ একটি সিনেমা। কারণ রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই তার শেষ সিনেমা বলে জানা গেছে।

পরিচালক এইচ. বিনোথ পরিচালিত এই রাজনৈতিক অ্যাকশন–থ্রিলারে বিজয় অভিনয় করেছেন ভেত্রি কন্দন চরিত্রে। তিনি একজন সৎ সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি এক বন্ধুর মৃত্যুর পর তার মেয়ের দায়িত্ব নেন। এরপর রাজনীতি, ক্ষমতার লড়াই ও অ্যাকশনে এগিয়ে যায় গল্প।
