গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগকে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ রোববার দুপুরে পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জুয়েল (২২) ওই এলাকার জুলমত আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কয়েক দিন আগে একটি অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। পরে সালিশের মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়।
আজ দুপুরে ওই ঘটনার জেরে জুয়েলকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন অটোরিকশার মালিকসহ কয়েকজন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
