ব্রাজিলিয়ান তারকা নেইমারের সান্তোস অধ্যায় দীর্ঘ হচ্ছে না বলেই ইঙ্গিত মিলছে। বিভিন্ন ব্রাজিলীয় সংবাদমাধ্যমের দাবি, ২০২৬ সালের ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে সেটি আর নবায়নের সম্ভাবনা খুবই কম। ক্লাবের ভেতরে দিন দিন বাড়তে থাকা অস্বস্তি ও সম্পর্কের টানাপোড়েনই এমন সিদ্ধান্তের বড় কারণ হয়ে উঠেছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শৈশবের ক্লাবে ফেরার পর থেকেই সতীর্থ, কোচিং স্টাফ এবং ক্লাব কর্মকর্তাদের মধ্যে নেইমারকে নিয়ে অসন্তোষ জমতে শুরু করেছে। তার আচরণ ও মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। প্রতিদিনের অনুশীলন ও ক্লাবের কার্যক্রমে তাকে সামলানো কঠিন হয়ে পড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি দলের কয়েকজন ফুটবলার মনে করছেন, নেইমার অনেক ক্ষেত্রেই নিজের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন, যা ড্রেসিংরুমের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
দলের সিনিয়র সদস্য হিসেবে নেইমারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। গত মে মাসে অনুশীলনের সময় সতীর্থ রবিনিয়ো জুনিয়রের সঙ্গে তার তর্কে জড়িয়ে পড়ার ঘটনা ক্লাবের ভেতরে নতুন করে আলোচনা তৈরি করে। এরপর থেকেই নেতৃত্বের ভূমিকায় তাকে নিয়ে সংশয় আরও বেড়েছে বলে দাবি প্রতিবেদনের।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কোপা সুদামেরিকানা চলাকালে। ভেনেজুয়েলায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে দল যখন সফরের প্রস্তুতি নিচ্ছিল, তখন সাও পাওলোতে একটি পোকার প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় নেইমারকে। বিষয়টি সমর্থক ও গণমাধ্যমের তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। তবে বিতর্ক থামেনি। চ্যাপেকোয়েন্সের বিপক্ষে গোল করার পর তাস বিলির ভঙ্গিতে উদ্যাপন করে সেই বিতর্কে যেন নতুন করে আগুন জ্বালান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
গ্লোবোর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পেশাদার ফুটবলের প্রতিদিনের চাপ ও নিয়মকানুনে ক্লান্ত হয়ে পড়েছেন নেইমার। এমনকি অবসরের বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে ভেবেছেন। তবে বাবা ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তির কারণে আপাতত খেলা চালিয়ে যাচ্ছেন বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, ড্রেসিংরুমে তরুণ সতীর্থ গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমান করেছিলেন নেইমার। তবে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
