প্রেমের অমরত্ব নিয়ে যুগে যুগে তৈরি হয়েছে নানা গল্প। তেমনই এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অমর প্রেম’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখ।
নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা তৌসিফ মাহবুব। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পার্থ শেখের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।’
পার্থকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভানও। নতুন এই জুটিকে শুভকামনা জানিয়েছেন কয়েকজন নির্মাতা। এই তালিকায় আছেন জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখিসহ অনেকে।
প্রায় সাত মাস পর অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার তরুণ অভিনেতা পার্থ শেখ। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘অমর প্রেম’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। বিয়ের পর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন এই অভিনেতা।
নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, ‘নতুন গল্প, নতুন জুটি, নতুন একটা সাহসী চেষ্টা। আর এই যাত্রাটাকে আরও সুন্দর করেছে সিনিয়র শিল্পী ও নির্মাতাদের আন্তরিক ভালোবাসা। আমি সবার প্রতি কৃতজ্ঞ। নির্মাতা হিসেবে তটিনীর কাছে ঋণ স্বীকার করছি তার সহযোগিতাপূর্ণ আচরণের জন্য।’
জাহিদুল ইসলাম সুজন, রাসেল পারভেজ ও শাহরিয়ার সজিবের চিত্রনাট্যে প্রেম, পরিবার ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অমর প্রেম’। সিএমভি প্রযোজিত নাটকটি গত ২৬ জুলাই ইউটিউবে উন্মুক্ত করা হয়। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ৪৮ লাখবার।
নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু প্রমুখ। এতে শাহরিয়ার মার্সেলের সুর ও সংগীতে দুটি পৃথক গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রাসূল। গান দুটির কথা লিখেছেন লুৎফর হাসান ও মাহবুব রহমান।
