‘সন্দেহজনক ব্যাগে’ মিলল পান-সুপারি-জর্দা, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক ব্যাগ ও বস্তা পাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বোমা আতঙ্ক কেটে গেছে।

পুলিশ জানিয়েছে, দুই জায়গা থেকেই উদ্ধার হওয়া ব্যাগ ও বস্তায় কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এরপর আজ শনিবার দুপুরে স্বাভাবিক হয় মেট্রোরেলের চলাচল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ একটি ব্যাগ থাকার খবর পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়।

এক্স-রে পরীক্ষায় ব্যাগের ভেতরে একটি কৌটাসদৃশ বস্তু দেখা যায়। প্রচলিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিষ্ক্রিয় করা হয়। পরে ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে ছিল শুধু পান, সুপারি ও জর্দার একটি কৌটা। কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।

এদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে পড়ে থাকা একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল নিরাপদ করে বস্তাটি পরীক্ষা করে। সেখানেও কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু পাওয়া যায়নি।

দুই ঘটনায় সাময়িকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও নগরবাসীকে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

এমআরটি পুলিশের পরিদর্শক মো. সোহেল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কোনো বিস্ফোরক না পাওয়ায় দুপুর ১টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল আবার শুরু হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

Related Articles

Latest Posts