কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং করার সময় সাগরে পড়ে এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত সৌভিক রায় খুলনার বাসিন্দা ছিলেন। আরও ৮ জনের সঙ্গে তিনি কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী পারভেজ আলম সাংবাদিকদের জানান, শূন্যে থাকা অবস্থায় নিরাপত্তা বেল্ট ছুটে গিয়ে ওই পর্যটক পানিতে পড়ে যান। পরে প্যারাসেইলিং প্রতিষ্ঠানের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি জানান, প্যারাসেইলিং করার সময় সাগরে পড়ে যাওয়া সৌভিককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের ট্যুরিজম সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ডেইলি স্টারকে বলেন, ‘তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।’
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে সৌভিককে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
