হার্দিক পান্ডিয়াকে ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের আগামী মৌসুম সামনে রেখে হার্দিক পান্ডিয়াকে অন্য কোনো দলের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে—সাম্প্রতিক এমন খবর পুরোপুরি খারিজ করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। চেন্নাই সুপার কিংস (সিএসকে) সহ অন্যান্য দলের সঙ্গে অলরাউন্ডার পান্ডিয়াকে নিয়ে ট্রেডিং আলোচনা চলছে বলে গণমাধ্যমে যে গুঞ্জন রটেছিল, তা সত্য নয় বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সম্প্রতি ভারতের স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র স্পষ্ট জানান, ‘আমাদের মৌসুম-পরবর্তী পর্যালোচনার কাজ এখনো চলছে। দলের প্রতিটি দিক নিয়ে মূল্যায়ন করা হচ্ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হলেও, আমরা এই মুহূর্তে কোনো খেলোয়াড় অদলবদল বা ট্রেড সংক্রান্ত বিষয়ে কোনো দলের সঙ্গে আলোচনায় বসিনি। পর্যালোচনা শেষ হওয়ার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’

তবে ফ্র্যাঞ্চাইজির বক্তব্যের ধরণ দেখে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, হার্দিকের মুম্বাই ছাড়ার সম্ভাবনা এখনই একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রক্রিয়াটি এখনো আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও, পর্যালোচনা শেষে পরিস্থিতি বদলাতেও পারে।

এর আগে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, হার্দিক পান্ডিয়াকে পেতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। এমনকি হার্দিকের বিনিময়ে মুম্বাই নাকি আয়ুশ মাত্রে ও শিবম দুবেকে চেয়েছিল। তবে চেন্নাই মাত্রেকে ছাড়তে রাজি না হয়ে দুবের সঙ্গে দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেভাল্ড ব্রেভিস এবং অতিরিক্ত ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেয়। সিএসকে ছাড়াও দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মতো দলগুলোও এই তারকা অলরাউন্ডারকে দলে ভিড়াতে আগ্রহী বলে খবর ছড়িয়ে পড়ে।

২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হাতে নেওয়ার পর থেকে হার্দিকের অধীনে দলের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমে তার অধীনে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে অভিযান শেষ করে মুম্বাই। পরবর্তী মরশুমে প্লে-অফে উঠলেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। চলতি মরশুমেও দলটির পারফরম্যান্স ছিল চরম হতাশাজনক; ১০টি দলের মধ্যে তারা ৯ নম্বরে থেকে শেষ করে। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পায় এবং ১০টিতেই হেরে যায়।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের মধ্যকার নানা বিতর্কও মুম্বাইয়ের ওপর প্রভাব ফেলেছে। ড্রেসিংরুমে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হার্দিকের বনিবনা না হওয়া এবং ইনজুরি সংক্রান্ত জটিলতায় তার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠে যায়। তবে আইপিএলের দলবদল নিয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

Related Articles

Latest Posts