২০২৬ বিশ্বকাপের পর বিরতি নিয়ে অবশেষে লা লিগার পরাশক্তি রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এতদিন ছুটিতে ছিলেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার, যাকে দলে টানার লক্ষ্য রয়েছে প্রিমিয়ার লিগের শিরোপাধারী আর্সেনালের।
গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে ভরাডুবি হয় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। টুর্নামেন্টের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় কার্লো আনচেলত্তির দল। তবে হতাশার মাঝে চার গোল করে আসরে সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ভিনিসিয়ুস।
সাম্প্রতিক মৌসুমগুলোতে রিয়ালের মূল কাণ্ডারি হলেও ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদের আর মাত্র এক বছর বাকি আছে তার। দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হওয়ায় তাকে ছেড়ে দিতে রাজী লস ব্লাঙ্কোরা, জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। এমন অবস্থায় চলমান গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনাল তাকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে।
এসব গুঞ্জনের মধ্যে রিয়াল নিশ্চিত করেছে যে, বিশ্রাম কাটিয়ে ভিনিসিয়ুস অনুশীলনে ফিরেছেন। ক্লাবটি সোমবার তাদের নিজস্ব ওয়েবসাইটে লিখেছে, ‘বিশ্বকাপে অংশগ্রহণের পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ভিনি জুনিয়র ও ব্রাহিম দিয়াস।’
সংবাদ বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়েছে, ‘নতুন কোচ জোসে মরিনহোর অধীনে প্রথম অনুশীলন সেশনে অংশ নেওয়ার আগে সকালে ব্লুয়া সানিতাস ভালদেবেবাস হাসপাতালে দুই খেলোয়াড়ের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়।’
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে বিক্রি করতে নীতিগতভাবে রাজি আছে রিয়াল। তবে তার জন্য ১০ কোটি পাউন্ডের বেশি ট্রান্সফার ফি দাবি করছে সফলতম স্প্যানিশ ক্লাবটি।
গত পাঁচ মৌসুমের প্রতিটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টিরও বেশি গোল ও অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। গত ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সফল ড্রিবলিংয়ের দিক থেকে তিনি ছিলেন তৃতীয় স্থানে (৮৭টি)। তার চেয়ে বেশি ড্রিবল করেছেন কেবল লামিন ইয়ামাল (১৩৩টি) ও ইয়ান দিওমান্দে (১১৮টি)।
আগামী ২০২৭ সালের মাঝামাঝি সময়ে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ভিনিসিয়ুসের। আর নতুন চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত সম্মত নয় কোনো পক্ষ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, বেতন নিয়ে তেমন সমস্যা না থাকলেও ঝামেলা বেঁধেছে ‘সাইনিং বোনাস’ নিয়ে।
